জমি লিখে নিতে মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার
- আপডেট সময়: ০২:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৩৩ টাইম ভিউ
নওগাঁ: নওগাঁর ধামইরহাটে জমি লিখে নিতে মা সুলতানাকে (৬৫) নির্যাতনের অভিযোগে তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) দুপুরে গ্রেপ্তারের পর সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিমকে (৩৫) আদালতে পাঠিয়েছে পুলিশ।সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার সুলতানা তার মেয়েকে নিয়ে থানায় আসেন।এরপর তিনি তার ছেলেদের নামে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়।বিয়ের কিছু দিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করছেন। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু জমি লিখে দিতে চাপ সৃষ্টি করেন দুই ছেলে।পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হয়েছে অনেক বার। কিন্তু তারা তা না মেনে মাঝে মধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। সবশেষে গতকাল শনিবার সুলতানকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চান দুই ছেলে মমিন ও মুকিম। উপায় না পেয়ে গতকাল বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠানো হয় ঘটনাস্থলে। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। এরপর রাতেই গ্রেপ্তার করা হয় সুলতানার দুই ছেলেকে। আজ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্যাতনের শিকার সুলতানা জানান, মেয়েকে তার স্বামী ছেড়ে যাওয়ায় মেয়েটি সুলতানার সঙ্গে থাকেন। যা দুই ছেলের পছন্দ না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সইতে পারছিলেন না তিনি। নিরুপায় হয়ে থানায় অভিযোগ করতে হয়েছে। আইন অনুযায়ী ন্যায্য বিচার দাবি করেছেন তিনি।












