সব ধর্মের মানুষকে নিয়েই দেশ গড়তে চাই: ডিএনসিসি প্রশাসক
- আপডেট সময়: ০২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৪২ টাইম ভিউ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের অংশগ্রহণে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, ‘এই বাংলাদেশ সবার।হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই দেশ গড়তে চাই।’
শুক্রবার (১৩ জুন) রাজধানীর হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নানা বাধা-বিপত্তি থাকলেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে হবে।একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের এমনভাবে কাজ করার আহ্বান জানান, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং কেউ প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বিষয়টি শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রমাণ করতে হবে।নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সব ধর্মের মানুষ সমানভাবে সেবা পাবেন।
মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা মানুষ, মানুষের পাশে থাকব। সবাইকে নিয়ে একটি অসাম্প্রদায়িক নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার ঘটে। তাই সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
খাল, নালা ও জলাশয়ে গৃহস্থালি বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিক সচেতনতার বিকল্প নেই।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, যারা কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
অনুষ্ঠানে তিনি বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হরিরামপুর শ্মশানঘাট কর্তৃপক্ষের বিভিন্ন দাবিদাওয়া অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য দেন। তারা পরিবেশবান্ধব বৈদ্যুতিক মানবদেহ চুল্লি স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিএনসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, হরিরামপুর শ্মশান কমিটির নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।













